রাজনীতি
Featured
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
01 Aug 2026, 12:22 AM
102
Views
রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে দলের সাংগঠনিক করণীয় নির্ধারণে আজ শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
দলীয় নীতিনির্ধারকদের তথ্যমতে, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে কার নাম বিবেচনায় নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন স্থায়ী কমিটির সদস্যরা। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ও স্পর্শকাতর এ পদের প্রার্থী নির্বাচনে দলীয় প্রধান তথা চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেওয়া হতে পারে-এমন আভাস দিয়েছেন শীর্ষ নেতারা।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় আয়োজিত এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন রাষ্ট্রপতি হিসেবে কোনো দলীয় নাকি নির্দলীয় ব্যক্তিকে বেছে নেওয়া হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইনের আলোকেই স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।
সম্ভাব্য প্রার্থীর বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে কোনো মুখ না খুললেও ভেতরের আলোচনায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে আসছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন, রাজনৈতিক প্রজ্ঞা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতার কারণে তিনি আলোচনার অগ্রভাগে রয়েছেন।